বল টেম্পারিংয়ের দায়ে পিএসএলে দুই ম্যাচ নিষিদ্ধ ফখর জামান – DesheBideshe

বল টেম্পারিংয়ের দায়ে পিএসএলে দুই ম্যাচ নিষিদ্ধ ফখর জামান – DesheBideshe

বল টেম্পারিংয়ের দায়ে পিএসএলে দুই ম্যাচ নিষিদ্ধ ফখর জামান – DesheBideshe

গাদ্দাফি স্টেডিয়াম, ৩১ মার্চ – পাকিস্তান সুপার লিগে বল টেম্পারিংয়ের অভিযোগে শেষ পর্যন্ত শাস্তি পেলেন ফখর জামান। অভিযোগ অস্বীকার করলেও শুনানির পর ম্যাচ রেফারি রোশান মহানামা এই টপ অর্ডার ব্যাটারকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছেন।

এবারের আসরে লাহোর কালান্দার্সের হয়ে তিনি বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনের সতীর্থ হিসেবে খেলছেন। গত রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে করাচি কিংসের বিপক্ষে ম্যাচে ফখরের বিরুদ্ধে বল বিকৃতির এই অভিযোগ ওঠে। ম্যাচের শেষ ওভার শুরুর আগে করাচির জয়ের জন্য ১৪ রান প্রয়োজন ছিল। তখন হারিস রউফের সঙ্গে কথা বলতে দেখা যায় লাহোরের অধিনায়ক শাহীন আফ্রিদিকে।

সেই সময় রউফের সঙ্গে বল দেওয়া নেওয়া করেন ফখর। সন্দেহ হওয়ায় আম্পায়ার বলটি পরীক্ষা করেন এবং অন্য আম্পায়ারদের সঙ্গে আলোচনা করে বল বিকৃতির কারণে করাচিকে ৫ রান পেনাল্টি দেন। এই পেনাল্টি করাচির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তারা তিন বল হাতে রেখেই ১২৯ রানের লক্ষ্য তাড়া করে ফেলে।

গতকাল আনুষ্ঠানিকভাবে ফখরের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে যে লেভেল থ্রি অপরাধের দায়ে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। এর ফলে আগামী ৩ এপ্রিল মুলতান সুলতানস এবং ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে তিনি মাঠে নামতে পারবেন না।

পিসিবি আরও জানায় যে ফখর অভিযোগ মেনে না নেওয়ায় একটি পূর্ণাঙ্গ শুনানির প্রয়োজন হয়। সব প্রমাণ পর্যালোচনা করে এবং ফখরের বক্তব্য শুনে ম্যাচ রেফারি এই সিদ্ধান্ত নেন। শুনানির সময় লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি, টিম ডিরেক্টর শামিন রানা এবং টিম ম্যানেজার ফারুক আনোয়ার উপস্থিত ছিলেন।

এ এম/ ৩১ মার্চ ২০২৬



Scroll to Top