বরিশাল সদর উপজেলায় এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী (৬০) উত্তর কড়াপুর গ্রামের মৃত নজির চৌধুরীর ছেলে। তিনি স্থানীয়ভাবে বিএনপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।
বুধবার ১৮ ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ-এর বিমানবন্দর থানা পুলিশ শিবপাশা বাদামতলা পুলসংলগ্ন একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে।
এর আগে স্থানীয় বাসিন্দারা একটি বাইসাইকেল ও গলার মাফলার রাস্তায় পরিত্যক্ত অবস্থায় দেখতে পান। সাইকেলের মালিককে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের ডোবার পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, দুর্বৃত্তরা তার মাথার বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে রাখে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, দেলোয়ার হোসেনের সঙ্গে একই এলাকার কয়েকজনের বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

