‘বরবাদ’ শতকোটির ক্লাবে প্রবেশ করবে: শাকিব খান

‘বরবাদ’ শতকোটির ক্লাবে প্রবেশ করবে: শাকিব খান

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান সিনেমা বাছাইয়ে আগের চেয়ে অনেক সচেতন হয়েছেন। ছবির গল্প, বাজেট, নির্মাতা, সহশিল্পী, লোকেশন সবটাই যাচাই করে কাজে হাত দেন অভিনেতা। প্রিয়তমা, রাজকুমার, তুফান, দরদের পর এবার নতুন সিনেমা নিয়ে হাজির হতে চলেছেন শাকিব খান। ঈদুল ফিতরে আসছে তার ছবি ‘বরবাদ’।

গতকাল (১৮ ডিসেম্বর) ‘বরবাদ’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। রাজধানীর এক হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে ছবিটির মোশন পোস্টার উন্মোচন করা হয়। পোস্টারে দেখা যায়, নিউ লুকে বিলাসবহুল রোলস রয়েস গাড়িতে সামনে অ্যাকশন মুডে বসে আছেন শাকিব। তার হাতে পিস্তল। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত। তার আগে দেখা যায় শহরজুড়ে ধ্বংসজজ্ঞের আভাস। সবকিছু লন্ডভন্ড করে বেরিয়ে আসে আগুনে কুণ্ডলী।

‘বরবাদ’ শতকোটির ক্লাবে প্রবেশ করবে: শাকিব খান
‘বরবাদ’-এর ফার্স্ট লুক


সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া নিয়ে শাকিব খান বলেন, ‘‘এই সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয়কে আমি নির্বাচন করিনি, সে আমাকে নির্বাচন করেছে। প্রিয়তমার মতো এখানেও একই ঘটনা ঘটেছে। একটি ছেলে নাটক বানিয়েছে বেশকিছু, এখন সিনেমা বানাতে চায় তাও আমাকে নিয়ে। কয়েকদিন বলার পর একদিন আকে আসতে বলি। আমার কোথাও একটা যাওয়ার তাড়া ছিলো, বলি ১৫ মিনিটের মধ্যে গল্প শোনাতে হবে। সে গল্প শোনাতে শুরু করে, আমি এতোটাই ঢুকে যাই গল্পের মধ্যে, যে পূর্ব নির্ধারিত কাজটি পিছিয়ে দিয়ে গল্প শুনতেই থাকি। এরপর সে আমাকে বলে, ভাই আপনি এ যাবত যতো ছবি করেছেন তার চেয়ে বড় বাজেটে ‘বরবাদ’ বানাতে না পারলে ছবিই বানাবো না। এভাবেই ছবিটি হয়েছে।’’

গতকালকের অনুষ্ঠানে শাকিব খান


‘বরবাদ’ নিয়ে নিজের প্রত্যাশার কথা বলে শাকিব আরও বলেন, ‘‘বরবাদ’ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক নতুন ইতিহাস রচনা করবে আমি মনে করি। এই ছবিটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে, একটি গ্র্যান্ড সেটিংয়ে তৈরি করা হয়েছে, যাতে প্রত্যেক কলাকুশলী মুন্সিয়ানার ছাপ রেখেছেন। আমি প্রত্যাশা করছি বরবাদ শুধু দেশে নয়, দেশের বাইরে বাংলা ভাষায় কথা বলা সবার মন জয় করবে। আমার প্রত্যাশা আয়ের দিক থেকে এটি শতকোটির ক্লাবে প্রবেশ করবে।’

গতকালকের অনুষ্ঠানে শাকিব খান


সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এর শুটিং শুরু হয়েছিল গত ২০ অক্টোবর। মুম্বাইতে এ ছবির বেশিরভাগ শুটিং সম্পন্ন হয়েছে। শাকিব খান ছাড়াও এতে অভিনয় করছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগরসহ আরও অনেকে। ছবির একটি আইটেম গানে পারফর্ম করছেন পশ্চিমবঙ্গের নায়িকা নুসরাত জাহান। ২০২৫ সালের রোজার ঈদে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।

Scroll to Top