বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র | চ্যানেল আই অনলাইন

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র | চ্যানেল আই অনলাইন

এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৯৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টেবিলের তিনে উঠে এসেছে দলটি। তাদের আগে আছে ভারত ও পাকিস্তান। ম্যাচ সেরার পুরস্কার জিতে নিয়েছেন স্পিনার হারমিত সিং। 

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় ডাচরা। আগে ব্যাট করা যুক্তরাষ্ট্র নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে। জবাব দিতে নেমে ১৫.৫ ওভারে ১০৩ রান তুলতেই সবকটি উইকেট হারিয়ে অলআউট হয় নেদারল্যান্ডস। ৯৩ রানের জয় তুলে আসরে এখনও টিকে থাকল মোনাঙ্ক প্যাটেলের দল।

মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে সর্বোচ্চ ৫১ বলে ৭৯ রান করেন সাইতেজা মুকাম্মালা। ২৪ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন শুভাম রানজানে। এছাড়া ওপেনার ও অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ৩৬ রান করেন।

ডাচদের বাস ডি লিড একাই নেন ৩টি উইকেট। লোগান ভ্যান বিক, কাইল ক্লেইন এবং ফ্রেত ক্লাসেন একটি করে উইকেট নেন।

প্রায় দুইশত রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডসের মাত্র চার ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেন। সর্বোচ্চ ২৩ রান করেন বাস ডি লিড। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। এছাড়া ১৩ ও ১০ রান করেন ম্যাক্স ওডাউড ও রোলেফ ফন ডার মারইউ।

Scroll to Top