
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে বরগুনার তালতলীতে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে দুর্ঘটনায় ট্রলারে থাকা ১৪ জেলেই প্রাণে বেঁচে গেছেন। পরে স্থানীয় জেলেদের সহায়তায় সাগর থেকে তাঁদের জীবিত উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফকিরহাট এলাকার উপকূল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটির নাম ‘এফবি মায়ের দোয়া’। ট্রলারটির মালিক তালতলীর নিদ্রা এলাকার জাফর মিয়া।
ট্রলারে থাকা ১৪ জেলের মধ্যে ১৩ জন তালতলী উপজেলার বাসিন্দা। অপর একজনের বাড়ি সাতক্ষীরায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ১৪ জেলেকে নিয়ে ট্রলারটি বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। পরে আবহাওয়া খারাপ হয়ে সাগর উত্তাল হয়ে উঠলে তাঁরা উপকূলে ফিরছিলেন। ফকিরহাট এলাকা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে ডুবে যায়।
ট্রলারডুবির খবর পেয়ে ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র ও স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। রাত ৮টার দিকে স্থানীয় সেলিম মাঝির ট্রলারের সহায়তায় সাগরে ভাসমান অবস্থায় ১৪ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারকারী ট্রলারের মাঝি রাজু মিয়া বলেন, ‘আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং রাত আটটার দিকে সাগরে ভাসতে থাকা ১৪ জেলেকেই অক্ষত অবস্থায় উদ্ধার করি। তবে সাগর উত্তাল থাকায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।’
ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মজিবর ফরাজী জানান, খবর পাওয়ার পরপরই ঘাটে থাকা জেলেদের ট্রলার ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তাঁদের সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার জানান, দুর্ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। উদ্ধার হওয়া ১৪ জেলেই নিরাপদে আছেন এবং তাঁদের উপকূলে ফিরিয়ে আনা হয়েছে। তবে উত্তাল সাগরের কারণে ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…