প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।
আজ (২০ এপ্রিল) সোমবার তিনি সকাল ৯টা ৫৮ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। এসময় জেলা প্রশাসক তৌফিকুর রহমান ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এর আগে সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে যাত্রা করেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম বগুড়া সফর। সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিশ্রামের পর তিনি দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন। একইসঙ্গে জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে সারা দেশে একযোগে ই-বেইল বন্ড কার্যক্রমেরও আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এরপর বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌরভবনে গিয়ে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে নিজ পৈতৃক বাড়িতে যাবেন। সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন। এছাড়া বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং চৌকিরদহ খাল খননকাজেরও উদ্বোধন করবেন তিনি।
বিকাল ৪টায় বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। দিনের শেষভাগে তিনি নবনির্মিত বগুড়া প্রেসক্লাব ভবন উদ্বোধন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সন্ধ্যা ৬টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং ফেরার পথে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন।




