বক্স অফিসে ইতিহাস গড়ল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’, ৪ দিনে আয় ৩৮৩ কোটি – DesheBideshe

বক্স অফিসে ইতিহাস গড়ল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’, ৪ দিনে আয় ৩৮৩ কোটি – DesheBideshe

বক্স অফিসে ইতিহাস গড়ল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’, ৪ দিনে আয় ৩৮৩ কোটি – DesheBideshe

মুম্বাই, ২৪ মার্চ – রণবীর সিং অভিনীত নতুন সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ভারতীয় বক্স অফিসে অভাবনীয় রেকর্ড গড়েছে। মুক্তির প্রথম চার দিনেই সিনেমাটির নিট আয় দাঁড়িয়েছে ৩৮৩ কোটি রুপিতে।

শনিবার ঈদের ছুটির দিনে ছবিটি ৯৬ কোটি রুপি এবং রবিবার একক দিনে ১০১ কোটি রুপি নিট আয় করতে সক্ষম হয়। এর মধ্য দিয়ে এটিই প্রথম হিন্দি সিনেমা হিসেবে মাত্র একদিনে ১০০ কোটি রুপির বেশি আয়ের মাইলফলক স্পর্শ করেছে।

এর আগে চার দিনের আয়ের দিক থেকে সর্বোচ্চ রেকর্ডটি ছিল ‘জাওয়ান’ সিনেমার। সেই সিনেমার ২৪৭ কোটি রুপির তুলনায় ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ প্রায় ১৫০ কোটি রুপি বেশি আয় করেছে। শুধু হিন্দি সংস্করণেই নয়, দক্ষিণ ভারতে ডাব করা সংস্করণ থেকেও সিনেমাটি গত দুই দিনে প্রায় ১৫ কোটি রুপি আয় করেছে। ফলে সব সংস্করণ মিলিয়ে এর মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৩৯৮ কোটি রুপিতে।

রোববার গুজরাটে সিনেমাটির আয় সর্বোচ্চ ১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রায় ১২ কোটি রুপিতে পৌঁছায়। এছাড়া মধ্য ভারতে ১০ শতাংশ আয় বৃদ্ধির পাশাপাশি রাজস্থান, পূর্ব পাঞ্জাব, বিহার এবং পশ্চিমবঙ্গেও আয়ের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।

মুম্বাইয়েও আয়ের পরিমাণ কিছুটা বেড়েছে। তবে দিল্লি, উত্তর প্রদেশ এবং দক্ষিণ ভারতীয় সিনেমা হলগুলোতে আয় স্থিতিশীল ছিল। সিনেমাটির ব্যবসা আগামী দিনগুলোতে আরও ভালো হওয়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা।

সোমবারের অগ্রিম টিকিট বিক্রির হিসাব অনুযায়ী আয় প্রায় ৪৫ থেকে ৫০ কোটি রুপি হতে পারে। এই ধারা অব্যাহত থাকলে প্রথম সপ্তাহেই ৫০০ কোটি রুপি এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে সিনেমাটি ১০০০ কোটি রুপির ঘরে প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে।

হিন্দি সংস্করণে ছবিটির আয়ের বিস্তারিত হিসাবে দেখা যায়, প্রিভিউ থেকে ৩৯ দশমিক ৫০ কোটি, বৃহস্পতিবার ৭৫ কোটি, শুক্রবার ৭১ দশমিক ৫০ কোটি, শনিবার ৯৬ কোটি এবং রবিবার ১০১ কোটি রুপি আয় হয়েছে। সব মিলিয়ে চার দিনের এই অভাবনীয় সাফল্য বলিউডে নতুন এক ইতিহাসের জন্ম দিয়েছে।

এনএন/ ২৪ মার্চ ২০২৬



Scroll to Top