মানিকগঞ্জের পাটুরিয়ায় ৯টি মালবাহী যানবাহনসহ ফেরি রজনীগন্ধা ডুবে যাওয়ার ঘটনায় আরেকটি ট্রাক উদ্ধার করেছে। আজ রোববার বেলা তিনটার দিকে উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে নদী থেকে ট্রাকটি উদ্ধার করে পাটুরিয়ার ২ নম্বর ঘাটের পন্টুনে আনা হয়। এ নিয়ে গত পাঁচ দিনে ফেরির সঙ্গে ডুবে যাওয়া তিনটি ট্রাক ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হলো।
তবে এ দুর্ঘটনায় নিখোঁজ ফেরির দ্বিতীয় ইঞ্জিন মাস্টার হুমায়ুন কবিরের (৪৫) সন্ধান এখনো মেলেনি। এ ছাড়া ফেরিটিও উদ্ধার হয়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ আজ বলেন, ডুবে যাওয়া ফেরি ও যানবাহন উদ্ধার এবং নিখোঁজ ইঞ্জিন মাস্টারের খোঁজে কাজ চলছে।



