ফেনীর ছাগলনাইয়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের তৃতীয় দিনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।
বুধবার (২২ জুলাই) ছাগলনাইয়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক।
এর আগে সোমবার প্রথম দফার অভিযানে বাজারের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও ভবনটি অক্ষত থাকায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের একটি পক্ষের ক্ষোভ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে সমালোচনা হয়। প্রশ্ন ওঠে ভবনটির বৈধতা ও লিজ প্রক্রিয়া নিয়ে।
স্থানীয় সূত্রের দাবি, একটি সমিতির নামে বরাদ্দ পাওয়া ভবনটিতে পরে ইটের পার্টিশন দিয়ে একাধিক কক্ষ তৈরি করে ৫-৬ লাখ টাকা পর্যন্ত জামানতের বিনিময়ে ভাড়া দেওয়া হয়েছে। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর সম্প্রতি সেখানে ছয়টি দোকান নির্মাণের কাজও শুরু হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর ফারুক বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে। দখলমুক্ত স্থান পুনরায় দখল হলে আরো জোরালো অভিযান চালানো হবে।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের খবরে বিক্ষুব্ধ জনতা ভবনটিতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এরপর ভবনটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল।


