কয়েকদিন ধরেই দেশের ফুটবলে আলোচনায় ফারহান আলি ওয়াহিদ। গত ২৫ জুলাই প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামের বয়সভিত্তিক দলে খেলা উইঙ্গারের প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে মূল দলে অভিষেক হয়। ২০২৬-২৭ মৌসুমে মূল দলে তার খেলার সম্ভাবনা নিয়েও আলোচনা ছিল বেশ। তবে ফুলহ্যামের মূল দলে নয় বাংলাদেশি বংশোদ্ভুত তরুণ নাম লিখিয়েছেন ইংল্যান্ডের পঞ্চম স্তরের বোরহাম উডে।
ফুলহাম থেকে ধারে বোরহাম উডে যোগ দিয়েছেন ফারহান। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিষয়টি জানিয়েছে ক্লাবটি। ২০২৬-২৭ মৌসুমের পুরোটা সময় তিনি হার্টফোর্ডশায়ারের ক্লাবটির হয়ে খেলবেন। মূলত নিয়মিত খেলার সুযোগ পেতেই এই সিদ্ধান্ত ১৯ বর্ষী ফুটবলারের।
বোরহাম উডে ২০ নম্বর জার্সি পরবেন ফারহান। ক্লাবটির নতুন কোচ লুক গ্যারার্ড আস্থা রেখেছেন ফারহানের ওপর। গত মৌসুমে ন্যাশনাল লিগের প্লে-অফ ফাইনালে খেলেছিল বোরহাম উড। শনিবার ট্যামওয়ার্থের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমের যাত্রা শুরু করবে দলটি।
ফারহানের ফুটবল যাত্রা শুরু হয়েছিল চেলসির একাডেমিতে। ১২ বছর বয়সে তিনি ফুলহ্যামের একাডেমিতে যোগ দেন। এরপর বয়সভিত্তিক বিভিন্ন দলে ধারাবাহিকভাবে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে ৭টি গোল করার পাশাপাশি অনূর্ধ্ব-২১ দলের অভিষেক ম্যাচেও গোল করেন তিনি। ২০২৫ সালের নভেম্বরে প্রিমিয়ার লিগ টুয়ের মাসসেরা ফুটবলারের স্বীকৃতিও পান ফারহান।
ফারহান বাংলাদেশ জাতীয় দলে খেলার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। তাকে লাল-সবুজের জার্সিতে খেলানোর প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে হামজা চৌধুরীর পর ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের ফুটবল থেকে বাংলাদেশের জাতীয় দলে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে ফারহান আলী ওয়াহিদের।



