
ঢাকা, ৮ মার্চ – জ্বালানি তেল বিপণন ও ফিলিং স্টেশনগুলোর সার্বিক নিরাপত্তার স্বার্থে পুলিশি টহল জোরদার করার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
রবিবার পাঠানো ওই চিঠিতে বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের বাজার ও সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্ভূত শঙ্কার কথা উল্লেখ করা হয়েছে।
চিঠিতে জানানো হয়, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তেলের মজুত নিয়ে নেতিবাচক খবর প্রচারের ফলে গ্রাহকদের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত তেল ক্রয়ের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে ডিলাররা ডিপো থেকে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি তেল সংগ্রহের চেষ্টা করছেন এবং অনেক ভোক্তা অননুমোদিতভাবে তেল মজুত করছেন।
উদ্ভূত পরিস্থিতিতে বিপিসি ইতিমধ্যে ফিলিং স্টেশন পর্যায় থেকে জ্বালানি সরবরাহ সীমিত করার ঘোষণা দিয়েছে। তবে এই সংকটকালীন সময়ে দেশের বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে ক্রেতাদের বাদানুবাদ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বলে খবর পাওয়া যাচ্ছে।
এমতাবস্থায় ফিলিং স্টেশনগুলোর সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদার করা প্রয়োজন বলে মনে করছে সংস্থাটি।
এনএন/ ৮ মার্চ ২০২৬





