প্রেম মেনে নেয়নি পরিবার, সেই রাজীবের সঙ্গেই মালদ্বীপে পর্ণার বাগদান | চ্যানেল আই অনলাইন

দীর্ঘ ১২ বছরের প্রেমের পর এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কণ্ঠশিল্পী পর্ণা আর দাস। দীর্ঘদিনের প্রেমিক ব্যবসায়ী রাজীব চন্দ্রের সঙ্গে মালদ্বীপে বাগদান সম্পন্ন করেছেন এই গায়িকা। গত ২৮ আগস্ট মালদ্বীপের একটি রিসোর্টে তাদের বাগদান অনুষ্ঠান হয়।

পর্ণার হবু বর রাজীব চন্দ্র পেশায় ব্যবসায়ী। বর্তমানে তিনি সিঙ্গাপুরে বসবাস করছেন। পর্ণা জানিয়েছেন, আগামী অক্টোবরের পূজার সময় সিঙ্গাপুরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

রাজীবের সঙ্গে প্রায় ১৫ বছর ধরে পরিচয় পর্ণার। এর মধ্যে প্রায় ১২ বছর ধরে তারা প্রেমের সম্পর্কে ছিলেন। তবে শুরুতে এই সম্পর্ক মেনে নেয়নি পর্ণার পরিবার। প্রায় দুই বছর আগে পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়।

এরপর দুজনেই নিজেদের ক্যারিয়ার গুছিয়ে এবার বাগদান সম্পন্ন করলেন। বাগদানে পর্ণাকে হিরার আংটি উপহার দিয়েছেন রাজীব। অন্যদিকে পর্ণা রাজীবকে দিয়েছেন স্বর্ণের আংটি।

নিজের বাগদান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পর্ণা বলেন, ‘এভাবে বাগদান করা আমার ড্রিম ছিল। এটাকে আমি রাজকীয় বলতে চাই না। তবে যেখানে আমাদের বাগদান হয়েছে, সেই জায়গাটা ছিল রাজকীয় এবং ব্যয়বহুল। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী করেছি।’


দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নেওয়া প্রসঙ্গে পর্ণা বলেন, ‘শুরুতে তার সঙ্গে আমার বিয়ে হবে, এটা চিন্তা করিনি। কারণ আমার পরিবার থেকে মেনে নিচ্ছিল না। গত বছর আমার পরিবার থেকে রাজি হয়েছে। এজন্য আমি অনেক হ্যাপি।’

দীর্ঘ একযুগের প্রেমের পর এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন পর্ণা ও রাজীব। আগামী পূজায় সিঙ্গাপুরে তাদের বিয়ের আয়োজন হওয়ার কথা রয়েছে। নতুন জীবনের জন্য সবার কাছে আশীর্বাদ চেয়েছেন এই গায়িকা।

Scroll to Top