সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়েছে, আলফা আইয়ের প্রযোজনায় রায়হান রাফীর পরিচালনায় ‘প্রেমিক’ নামে একটি সিনেমা করতে যাচ্ছেন আফরান নিশো। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, এই খবরটি পুরোপুরি ভিত্তিহীন।
গুঞ্জন ছড়ায়, নিশোকে নিয়ে ঈদুল আযহায় ‘প্রেমিক’ নামের সিনেমা মুক্তির প্রস্তুতি নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। সেই লক্ষ্যে শিগগির শুটিং শুরু হওয়ার কথাও বলা হচ্ছে!
তবে আলফা এর একটি সূত্র চ্যানেল আই অনলাইনকে জানায়, আপাতত নিশো-রাফীকে দিয়ে আলফা আই কোন সিনেমা বানাচ্ছে না। এটি পুরোপুরি ভিত্তিহীন খবর।
তবে সূত্রটি ইঙ্গিত দিয়ে জানায়, নিশোকে নিয়ে আলফা আই ‘পুলসিরাত’ নামে একটি সিনেমা বানাতে যাচ্ছে। ভিকি জাহেদের পরিচালনায় এই সিনেমাতে নিশোর বিপরীতে মেহজাবীনের থাকার কথা রয়েছে।
ক’দিন আগে ‘দম’ সিনেমার শুটিং শেষ করেছেন আফরান নিশো। বর্তমানে তিনি ‘পুলসিরাত’ সিনেমার জন্য প্রস্তুত হচ্ছেন। সবকিছু ঠিক থাকলে, রোজার মধ্যেই তিনি ‘পুলসিরাত’ সিনেমার শুটিংয়ে নামবেন।
এদিকে নিজের প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’র জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন নিশো। ২০২৩ সালের এই সিনেমাটির প্রযোজক ও পরিচালক যথাক্রমে আলফা আই ও রায়হান রাফী।



