
ঢাকা, ২৯ মার্চ – প্রশাসনের শীর্ষ পর্যায়ে ব্যাপক রদবদল আনা হয়েছে। সরকার আরও দুই মন্ত্রণালয়ের সচিবকে প্রত্যাহার করেছে এবং একজনের প্রত্যাহার আদেশ বাতিল করেছে। পাশাপাশি দুই মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে, যাদের মধ্যে একজন পদোন্নতি পেয়েছেন। একই সঙ্গে সদ্য সচিব পদে পদোন্নতি পাওয়া আরেক কর্মকর্তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে পদায়ন করা হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে ছয়টি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে, গত ২৫ মার্চ বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব সিরাজুন নূর চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার যে আদেশ দেওয়া হয়েছিল, তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
নতুন নিয়োগের ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলামকে পদোন্নতি দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কানিজ মওলা।
এর আগে তিনি সংসদ সচিবালয়ে কর্মরত ছিলেন এবং গত ২৫ মার্চ তাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছিল। এছাড়া গত ২৫ মার্চ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়াকে পদোন্নতি দিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। রোববারের নতুন আদেশে তাকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।
এনএন/ ২৯ মার্চ ২০২৬





