‘প্রবাসী কার্ড-এর মাধ্যমে প্রবাসীদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে’ | চ্যানেল আই অনলাইন

‘প্রবাসী কার্ড-এর মাধ্যমে প্রবাসীদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে’ | চ্যানেল আই অনলাইন

‘প্রবাসী কার্ড’-এর মাধ্যমে প্রবাসীদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ।

পবিত্র ওমরা পালনে সৌদি আরবের ‘জেদ্দা কিং আব্দুল আজিজ বিমানবন্দরে’ এসে পৌঁছলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুর রহমানের নেতৃত্বে একদল প্রবাসী রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সাথে সংক্ষিপ্ত আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ আবদাল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসীদের ভবিষ্যতে স্বাবলম্বী হিসাবে তোলার লক্ষ্য ও পরিকল্পনায় ‘প্রবাসী কার্ড’ এর মাধ্যমে প্রবাসীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ, বৈধপথে রেমিটেন্স প্রেরণের স্বীকৃতিস্বরূপ এই কার্ডের মাধ্যমে বাংলাদেশে প্রবাসী এবং প্রবাসী পরিবারের মর্যাদা ও যাবতীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি ও সম্পর্ক উন্নয়নে প্রবাসী রাজনীতিবিদ ব্যবসায়ী ও সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে শ্রমিক রপ্তানির মাধ্যমে সৌদি আরবের সাথে যে সম্পর্ক তৈরি হয়েছে পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া এর ধারাবাহিকতা রক্ষা করে গেছেন বলেই আজ সৌদি আরবে প্রায় ৩৩ লক্ষ প্রবাসী বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ও সংগঠক এম ওয়াই আলাউদ্দিন, জিয়া সাইবার ফোর্স সৌদি আরব পশ্চিম অঞ্চল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ তছলিম উদ্দিন, জেদ্দা মহানগর কমিটির সভাপতি আফজাল হোসেন মৃধা, সাধারণ সম্পাদক ইয়াছিন মিজি রুবেল, জেদ্দা মহানগর কমিটির প্রধান সমন্বয়ক এমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক রাশেদ আবদুল্লাহ রানা, আনন্দ টিভির সাংবাদিক জামাল উদ্দিন স্বপন, শহীদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Scroll to Top