প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, কক্সবাজার থেকে গ্রেপ্তার ১ | চ্যানেল আই অনলাইন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, কক্সবাজার থেকে গ্রেপ্তার ১ | চ্যানেল আই অনলাইন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আরিফ মাঈনুদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), সিটিটিসি ও কক্সবাজার জেলা পুলিশের যৌথ দল।

রোববার (২২ মার্চ) রাত আনুমানিক দেড়টার দিকে কক্সবাজার জেলার চকরিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আরিফ মাঈনুদ্দিন নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা দাবি করে একটি ভুয়া প্রজ্ঞাপন তৈরি করেন। এতে উল্লেখ করা হয়, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং তিনি সেই অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।

এই ভুয়া গেজেট তিনি প্রতারণার উদ্দেশ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে পাঠান। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভিজিটিং কার্ড তৈরি করে তা ব্যবহার করতেন।

তদন্তে আরও জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি তিনি সরকারের নকল লগো ও প্যাড ব্যবহার করে আরেকটি ভুয়া গেজেট তৈরি করেন। সেখানে নিজেকে ‘জোরপূর্বক গুমের ভিকটিম পুনর্বাসন’-এর আওতায় রাষ্ট্রের বিশেষ সম্মানিত ব্যক্তি হিসেবে উল্লেখ করে এককালীন প্রণোদনা, স্থায়ী চাকরি ও বাসস্থানের সুবিধা দাবি করা হয়।

এছাড়া ‘গুম কল্যাণ ট্রাস্ট’-এর সদস্য সচিব পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযানের সময় তার কাছ থেকে ভুয়া গেজেট, প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি সংবলিত ভিজিটিং কার্ড এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Scroll to Top