২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বড় ধরনের ধাক্কা খেয়েছে তিউনিসিয়া। সুইডেনের বিপক্ষে ৫-১ গোলের পরাজয়ের একদিন পরই জাতীয় দলের প্রধান কোচ সাবরি লামুচিকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন।
সোমবার তিউনিসিয়া ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে।
৫৪ বছর বয়সী সাবরি লামুচির তিউনিসিয়া অধ্যায় ছিল খুবই সংক্ষিপ্ত। জাতীয় দলের দায়িত্বে তিনি মাত্র পাঁচটি ম্যাচে ডাগআউট সামলান। দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচে হাইতির বিপক্ষে ১-০ গোলের জয় পেলেও পরবর্তী চার ম্যাচে তার দল মাত্র একটি গোল করতে সক্ষম হয়। এর মধ্যে গত ৩১ মার্চ কানাডার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করেছিল তিউনিসিয়া।
ফ্রান্সে জন্ম নেওয়া লামুচির দ্বৈত নাগরিকত্ব রয়েছে-ফরাসি ও তিউনিসিয়ান। খেলোয়াড়ি জীবনে মিডফিল্ডার হিসেবে তিনি ফ্রান্স জাতীয় দলের হয়ে ১২টি ম্যাচ খেলেছেন। কোচিং ক্যারিয়ারে তিনি স্টাড রেনেস এফ.সি. নটিংহাম ফরেস্ট এফ.সি. এবং আইভরি কোস্ট জাতীয় ফুটবল দলের দায়িত্ব পালন করেছেন। আইভরি কোস্টকে তিনি ২০১৪ বিশ্বকাপেও নেতৃত্ব দিয়েছিলেন।
আগামী রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে খেলবে তিউনিসিয়া। এর আগে নতুন একজন কোচও প্রয়োজন হবে তাদের।



