মরক্কোর দুর্দান্ত পারফরম্যান্সের মুখে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলকে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা হট-ফেভারিট তকমায় আসরে এসেছে। শুরুর ম্যাচে যদিও বেশি একটা সুবিধা করতে পারেনি। ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলত্তি বললেন, প্রথম ম্যাচের উপর ভিত্তি করে বিশ্বকাপ জেতা যায় না।
মেটলাইফ স্টেডিয়ামে প্রথমে পিছিয়ে পড়েও ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত গোলে ম্যাচে ফেরে ব্রাজিল। আফ্রিকার দেশটির বিপক্ষে ১-১ গোলে ড্র করে। মরক্কের হয়ে গোল করেছেন ইসমায়েল সাইবারি, ব্রাজিলের গোলটি আসে ভিনিসিয়াসের পা থেকে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, ‘আমরা ভালো খেলিনি, বেশ চ্যালেঞ্জিং ছিল, খুবই ভারসাম্যহীন ছিলাম। আমরা বেশ কয়েকবার বলের দখল হারিয়েছি। আমার মনে হয় এইদিক থেকে আমাদের আরও ভালো করতে হবে।’
কোচের মতে, বিরতির পর বেশ কয়েকটি খেলোয়াড় পরিবর্তনের ফলে ব্রাজিল উন্নতি করলেও মরক্কোর রক্ষণাত্মক রক্ষণ ভাঙতে পারেনি তার দল। বলেছেন, ‘এই ফলাফলে আমি হতাশও নই, আবার সন্তুষ্টও নই। আসলে বিশ্বকাপের প্রথম ম্যাচের উপর ভিত্তি করে বিশ্বকাপ জেতা যায় না।’
ইতালিয়ান কোচের মতে কিছুটা স্নায়ুচাপে ভুগেছেন ব্রাজিলের খেলোয়াড়রা, ‘আমরা খেলাটা ভালোভাবে শুরু করতে পারিনি। খেলোয়াড়দের কিছুটা স্নায়ুচাপগ্রস্ত মনে হচ্ছিল এবং বেশ কয়েকটি লড়াইয়ে তারা পিছু হটেছিল। প্রথমার্ধ ভালো ছিল না।
তবে মরক্কোর প্রশংসা করতেও ভোলেনি এ কোচ। পরের ম্যাচের দিকে এখন তার লক্ষ্য, ‘মরক্কো খুব ভালো দল। তারা আমাদের চাপে ফেলেছিল এবং বেশ কয়েকটি বিপজ্জনক পাল্টা আক্রমণও করেছিল। তবে আমাদের এখন পরবর্তী ম্যাচে মনোযোগ দিতে হবে।’
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ২০ জুন হাইতির বিপক্ষে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হবে সে ম্যাচ।



