
ইসলামাবাদ, ১১ এপ্রিল – দীর্ঘদিনের বৈরিতা দূরে সরিয়ে প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এই প্রথম দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার ঘটনা ঘটল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবর অনুযায়ী পাকিস্তান এই শান্তি আলোচনায় মধ্যস্থতা করছে।
শনিবার সন্ধ্যায় এই আলোচনায় নতুন মোড় আসে। এর আগে দুই দেশের প্রতিনিধিরা আলাদা কক্ষে অবস্থান করছিলেন এবং পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষভাবে বার্তা আদান প্রদান চলছিল। তবে এখন তারা সরাসরি একই টেবিলে বসেছেন। সেখানে পাকিস্তানি মধ্যস্থতাকারীরাও উপস্থিত রয়েছেন।
পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি নিউজও ইসলামাবাদে শুরু হওয়া এই বৈঠককে ঐতিহাসিক শান্তি আলোচনা আখ্যা দিয়ে খবর প্রকাশ করেছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয় যে উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলের উপস্থিতি এবং পাকিস্তানের সক্রিয় কূটনৈতিক ভূমিকা বিশ্বে ইতিবাচক বার্তা দিচ্ছে। এর ফলে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আশা আরও প্রবল হয়েছে।
পুরো বিশ্ব এখন এই বিরল ও গুরুত্বপূর্ণ আলোচনার চূড়ান্ত ফলাফলের দিকে গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে।
এনএন/ ১১ এপ্রিল ২০২৬






