প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বৃদ্ধিতে মিশর ও তুরস্কের সমঝোতা স্মারক সই – DesheBideshe



বলকান সামিটে মিশর ও তুরস্কের সমঝোতা স্মারক সই

কায়রো, ৪ সেপ্টেম্বর – প্রতিরক্ষা শিল্পে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক সই করেছে মিশর ও তুরস্ক। ২০২৬ সালে বসনিয়া ও হার্জেগোভিনায় অনুষ্ঠিত বলকান শিল্ড ইন্ডাস্ট্রিয়াল এক্সপো অ্যান্ড সামিটের সাইডলাইন বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই ঐতিহাসিক পদক্ষেপে দুই দেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান অংশ নেয়।

আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, তুরস্কের মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি করপোরেশন (এমকেই) মিশরের হেলিওপোলিস কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং হেলওয়ান কোম্পানি ফর ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজের সঙ্গে এই চুক্তি সম্পাদন করেছে। এর ফলে প্রতিরক্ষা উৎপাদনের বিভিন্ন কারিগরি ও প্রযুক্তিগত দিকে দেশ দুটি একে অপরকে সহযোগিতা করতে পারবে।

মিশরের সামরিক উৎপাদনবিষয়ক প্রতিমন্ত্রী সালাহ সোলেইমান জেমবালাত এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই চুক্তি দুই দেশের শিল্প অংশীদারত্বের ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন করবে। এর মাধ্যমে প্রযুক্তি স্থানান্তর এবং কারিগরি দক্ষতা বিনিময়ের পথ সুগম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তুরস্কের উপ প্রতিরক্ষা মন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক ও প্রতিরক্ষা খাতের এই অগ্রগতির প্রশংসা করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের নেতৃত্বে যে মক্কা প্রতিরক্ষা জোট গঠিত হয়েছে, সেখানে মিশরের অন্তর্ভুক্তি এই চুক্তির মাধ্যমে আরও সহজ হবে।

এই নিরাপত্তা বলয়টি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

এনএন/ ৪ সেপ্টেম্বর ২০২৬

Scroll to Top