প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই বাবার জানাজায় অংশ নিলেন | চ্যানেল আই অনলাইন

প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই বাবার জানাজায় অংশ নিলেন | চ্যানেল আই অনলাইন

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরিহিত অবস্থায় বাবার জানাজায় অংশ নিয়েছেন এক দণ্ডপ্রাপ্ত ব্যক্তি।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৮টায় প্যারোলে মুক্তি পাওয়ার পর সকাল ১০টায় উপজেলার নলবুনিয়া গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমান আকনের জানাজায় অংশ নেন তার একমাত্র ছেলে এমরান হোসেন উজ্জ্বল (৩৮)।

কারাগার সূত্রে জানা গেছে, স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত উজ্জ্বল প্রায় আড়াই বছর ধরে পিরোজপুর জেলা কারাগারে বন্দি রয়েছেন। প্রায় পাঁচ বছর আগে তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ ঘর থেকে উদ্ধার করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বার্ধক্যজনিত কারণে প্রায় ৭৫ বছর বয়সে মারা যান সিদ্দিকুর রহমান। তার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে উজ্জ্বলের প্যারোলে মুক্তির আবেদন করা হয়। এরপর মঙ্গলবার সকালে পিরোজপুর সদর ও ইন্দুরকানী থানা পুলিশের কঠোর নিরাপত্তায় তাকে বাড়িতে নেওয়া হয়। জানাজা শেষে হাতকড়া পরা অবস্থায় আবারও তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। কারাগার সূত্র আরও জানায়, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট চার ঘণ্টার জন্য উজ্জ্বলকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, উজ্জ্বল দ্বিতীয়বার বিয়ে করার পর তার বর্তমান সংসারে আড়াই বছর বয়সী দুটি সন্তান রয়েছে।

Scroll to Top