জানতে চাইলে অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ আজ সন্ধ্যা ছয়টায় প্রথম আলোকে বলেন, কারাগারে প্যারোলের আদেশ পৌঁছানোর পর বিকেল চারটার দিকে চিন্ময়কে মুক্তি দেওয়া হয়। মুক্তি পেয়ে তিনি তাঁর মায়ের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ধর্মীয় রীতি অনুযায়ী যা যা করার সব করছেন। তিনি আরও বলেন, পুণ্ডরীক ধাম ও আশপাশ এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়।
শেষকৃত্যে উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, চিন্ময় দাস পুণ্ডরীক ধামে পৌঁছে মন্দিরে যান। সেখানে মায়ের লাশের সামনে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। বৃষ্টি উপেক্ষা করে চিন্ময়ের ভক্তরা পুণ্ডরীক ধামে অবস্থান নেন।