
ছবি: সংগৃহীত
ফ্রান্সের প্যারিসের উপকণ্ঠ অবারভিলিয়েতে আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে দুই বছর বয়সী বাংলাদেশি শিশু নাহিলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
রোববার ৬ সেপ্টেম্বর ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
দূতাবাস জানায়, শনিবার রাতে অবারভিলিয়ের রু পল-ভারলেনের একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনের একটি অংশ ধসে পড়ে। বিস্ফোরণে বাংলাদেশি শিশু নাহিলের মৃত্যু হয়।
নাহিলের মৃত্যুতে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এমন মর্মান্তিক ঘটনায় একটি নিষ্পাপ শিশুর প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। এই কঠিন সময়ে নাহিলের পরিবারের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
দূতাবাসের পক্ষ থেকে দ্বিতীয় সচিব শারহাদ শাকিলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুর্ঘটনাস্থল পরিদর্শন করছে। প্রতিনিধি দলের সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি নিহত ও আহত বাংলাদেশিদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছেন এবং তাদের প্রয়োজনের বিষয়ে খোঁজ নিচ্ছেন।
দূতাবাস জানিয়েছে, এসব প্রয়োজনের ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় কনস্যুলার ও অন্যান্য সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ফরাসি কর্তৃপক্ষের বরাতে দূতাবাস জানিয়েছে, গ্যাস লিক থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে ফরাসি কর্তৃপক্ষের বিচার বিভাগীয় তদন্ত চলছে।
বিস্ফোরণে আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত। একই সঙ্গে নাহিলের পরিবারের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার জন্য মহান আল্লাহর কাছে শক্তি কামনা করেছেন তিনি।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…