জাতীয় পে স্কেল অনুযায়ী বেতন পাবেন দেশের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা। সরকার পরিচালিত বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ নবনির্মিত ৫৬০টি মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা সরাসরি সরকারি তহবিল অথবা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এ বেতন সুবিধা পাবেন।
তবে বেসরকারি বা স্থানীয়ভাবে পরিচালিত মসজিদগুলোর ইমাম-মুয়াজ্জিনসহ কর্মীদের বেতন প্রদানের দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট মসজিদ কমিটির ওপর।
গত সোমবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকার জানিয়েছে, মসজিদগুলোর জনবল কাঠামো শক্তিশালী করা এবং দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী জাতীয় বেতন স্কেল ২০১৫-এর আওতায় মসজিদের জনবলকে বিভিন্ন গ্রেডে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্ধারিত গ্রেডগুলো সিনিয়র পেশ ইমাম: পঞ্চম গ্রেডপেশ ইমাম: ষষ্ঠ গ্রেডইমাম: নবম গ্রেডমুয়াজ্জিন: প্রধান মুয়াজ্জিন দশম এবং সাধারণ মুয়াজ্জিন ১১তম গ্রেডখাদিম: প্রধান খাদিম ১৫তম এবং সাধারণ খাদিম ১৬তম গ্রেডে অন্তর্ভুক্ত হবেন। নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্ধারণ করা হয়েছে ২০তম গ্রেড।
তবে খতিবদের সম্মানী বা বেতন সংশ্লিষ্ট মসজিদ কমিটির সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত হবে।



