কিংবদন্তি পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে গায়ে চাপানো ঐতিহাসিক ১০ নম্বর জার্সি নিলামে উঠতে চলেছে। আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান সোথবি আগামী ২৯ জুন থেকে ১৬ জুলাই অনলাইনে এটির নিলাম আয়োজন করবে।
সোথবির আধুনিক সংগ্রহ বিভাগের প্রধান ব্রাম ওয়াখটারের ভাষায়, এটি সেই জার্সি যা পরে পেলে বিশ্ব ফুটবলে কিংবদন্তি যাত্রার সূচনা করেছিলেন। মাত্র ১৭ বছর বয়সে সুইডেনের বিপক্ষে ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে দুটি গোল করে ব্রাজিলকে ৫-২ ব্যবধানে জিতিয়েছিলেন তিনি। সেই ম্যাচে করা গোলের সুবাদে এখনও বিশ্বকাপ ফাইনালের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড প্রয়াত কিংবদন্তির দখলে।
ফাইনালের পর পেলে জার্সিটি উপহার দিয়েছিলেন সতীর্থ ও রুমমেট দিদাকে। দীর্ঘদিন দিদার পরিবারের কাছে থাকার পর এটি ব্রাজিলিয়ান একটি জাদুঘরে সংরক্ষিত ছিল। ২০০৪ সালে বর্তমান মালিক যা সংগ্রহ করেন।
জার্সিটির সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৬০ লাখ মার্কিন ডলার। এই দামে বিক্রি হলে পেলের ব্যবহৃত সবচেয়ে মূল্যবান স্মারক হিসেবে রেকর্ড গড়বে। ২০২২ ডিসেম্বরে ৮২ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনবারের বিশ্বকাপজয়ী।




