পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত বোনসহ তিন শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত বোনসহ তিন শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

নরসিংদীর মনোহরদীতে পুকুরে গোসল করতে নেমে মামাতো ফুফাত বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামের এক পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ময়মনসিংহের গফরগাঁও থানা এলাকার সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), তুহিন মিয়ার মেয়ে আয়েশা ওরফে আশামনি (১২) এবং মুফাচ্ছের মিয়ার মেয়ে সুমাইয়া (১৩)।

নিহতদের মধ্যে দুইজন স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ফাতেমা ও আশামনি চর আহমদপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলের ও মেয়ের ঘরের নাতনি। অপরদিকে সুমাইয়া খোরশেদ মিয়ার ছোট ভাইয়ের মেয়ে। তারা শনিবার দুপুরের দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে দীর্ঘ সময় পার হলেও তিন শিশুকে পুকুরে না দেখে বাড়ির এক ছোট শিশু বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে স্বজন ও স্থানীয় লোকজন পুকুরে নেমে তাদের উদ্ধার করে। দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়। এসময় স্বজনদের আহাজারিতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা । এ বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Scroll to Top