পিএসজির বিজয় উদযাপন অনুষ্ঠানে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫০০ – DesheBideshe

পিএসজির বিজয় উদযাপন অনুষ্ঠানে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫০০ – DesheBideshe



পিএসজির বিজয় উদযাপন অনুষ্ঠানে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫০০ – DesheBideshe

প্যারিস, ০১ জুন – চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের পর বিজয় উদযাপনকালে ফ্রান্সে ২ জন নিহত ও ১৯২ জন আহত হয়েছেন। এ ছাড়া ৫০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ জুন) এসব তথ্য জানিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (৩১ মে) মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দেয় লুইস এনরিকের শিষ্যরা। এতেই ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা নিজেদের করে নেয় পিএসজি।

চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের পর প্যারিসের চ্যাম্পস-ইলিসেস অ্যাভিনিউতে বিশাল প্যারেড শোভাযাত্রা শুরু করে পিএসজি সমর্থকরা। এ উৎসব উদযাপন একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী, সকাল পর্যন্ত ৫৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে শুধু প্যারিসেই গ্রেপ্তার করা হয় ৪৯১ জনকে। এর মধ্যে ৩২০ জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে, যাদের ২৫৪ জন প্যারিসের।

সংঘর্ষ চলাকালে চঁপ এলিজে সড়কে কিছু বাসস্টপেজ ভেঙে ফেলা ও দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়ে মারা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও জলকামান ব্যবহার করে। এ সময় পিএসজির হাজার হাজার সমর্থক বিখ্যাত এ সড়কে ভিড় করেছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সারা দেশে আগুন লাগানোর শত শত ঘটনা ঘটেছে। এর মধ্যে আছে দুই শতাধিক যানবাহন পুড়িয়ে দেওয়ার ঘটনা। সহিংসতার সময় নিরাপত্তা বাহিনীর ২২ সদস্য ও ফায়ার সার্ভিসের ৭ কর্মী আহত হয়েছেন।

সূত্র: ইত্তেফাক
আইএ/ ০১ জুন ২০২৫



Scroll to Top