নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়া কথা ছিল জাতীয় দলের দুই পেসার মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানার। তবে তাদের এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
জাতীয় দলের স্বার্থে এবং খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী ফিটনেসের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, তৃতীয় ওয়ানডে শেষে মোস্তাফিজুর রহমানের অবস্থা পর্যবেক্ষণের জন্য স্ক্যান করানো হবে। স্ক্যান শেষে বিসিবির মেডিকেল দলের অধীনে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন ফিজ। পিএসএলের বাকি অংশের জন্য তাকে দেয়া এনওসি প্রত্যাহার করে নেয়া হয়েছে।
অন্যদিকে নাহিদ রানাকেও আর ছাড়া হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে বিসিবি। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে বিশ্রামে রাখতে রানাকে পিএসএলের বাকি অংশে এনওসি দিচ্ছে না বিসিবি।




