প্রেম-বিরহ আর কমেডিতে আবৃত্ত থাকে ঈদের নাটক ও টেলিছবি। সেই বৃত্ত ভাঙবে ইমরাউল রাফাতের ‘ওয়ারিশ’। যেখানে দেখা যাবে বাবা-মা আর দুই ভাইয়ের মধ্যবিত্তজীবনের এক অন্যরকম গল্প।
গল্পের চরিত্ররা হলেন তারিক আনাম খান, মনিরা মিঠু, ইয়াশ রোহান ও তৌসিফ মাহবুব। আরও অভিনয় করেছেন সাফা কবির, প্রিয়ন্তী উর্বি প্রমুখ।
নির্মাতা ও নাট্যকার ইমরাউল রাফাত জানান, এবারের ঈদে তিনি একটু আলাদা গল্প বলতে চেয়েছেন। এজন্য বেছে নিয়েছেন নিজের লেখা ‘ওয়ারিশ’। যে গল্পে তিনি তুলে ধরেছেন পারিবারিক বন্ধন, বিচ্ছেদ, টানাপোড়েন আর আবেগের কথা।
চ্যানেল আইয়ের ঈদ আয়োজনের ২য় দিন দুপুর ২টা ৩০ মিনিটে দেখা যাবে এবারের ঈদের বিশেষ টেলিফিল্ম ‘ওয়ারিশ’। পরবর্তীতে সিএমভির ইউটিউব চ্যানেলে টেলিছবিটি দেখতে পারবেন দর্শক।




