ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মিচেল মার্শ। পানশালা-কাণ্ডের পর ওয়ানডে সিরিজে না থাকা গ্লেন ম্যাক্সওয়েল ফিরেছেন টি-টোয়েন্টি সিরিজে। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ও আরেক পেসার মিচেল স্টার্ককে বিশ্রামে দেওয়া হয়েছে। নেই স্টিভ স্মিথও।
অ্যালকোহল-সংশ্লিষ্ট ঘটনায় গ্লেন ম্যাক্সওয়েল গত শুক্রবার অ্যাডিলেডে এক হাসপাতালে ভর্তি হন। একটি পানশালায় রক ব্যান্ড ‘সিক্স অ্যান্ড আউট’-এর গান শুনতে গিয়েছিলেন ম্যাক্সওয়েল।
সেখানে একপর্যায়ে মঞ্চের পেছনে গিয়ে বন্ধুদের সঙ্গে অ্যালকোহল পান করেন ম্যাক্সওয়েল। এরপর অস্ট্রেলীয় তারকা জ্ঞান হারান। কী কারণে, সেটি অবশ্য এখনো জানা যায়নি। বন্ধুরা জ্ঞান ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরই অ্যাম্বুলেন্স ডাকেন। হাসপাতালে যাওয়ার পথে জ্ঞান ফেরে তাঁর। এরপর তাঁকে ওয়ানডে সিরিজ থেকে বিশ্রামে রাখা হয়। তবে বিশ্রাম বেশি দিন দীর্ঘ হচ্ছে না।



