পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার স্পিকারদের সঙ্গে বৈঠক করলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল – DesheBideshe



ডেপুটি স্পিকার কায়সার কামাল

ঢাকা, ১৫ সেপ্টেম্বর- কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) অংশ নিয়ে পাকিস্তান ও আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার স্পিকারদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের নেতা ব্যারিস্টার কায়সার কামাল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। এর আগে ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর কেপটাউনে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের আগে গতকাল ১৪ সেপ্টেম্বর বৈঠক দুটি অনুষ্ঠিত হয়।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উভয় নেতা। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে তারা পার্লামেন্টারি ডিপ্লোমেসির ওপর বিশেষ গুরুত্ব দেন। পাশাপাশি দুই দেশের সংসদের মধ্যে নিয়মিত সংলাপ, প্রতিনিধিদল বিনিময় এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বৈঠক শেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল পাকিস্তানের স্পিকারকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

অন্যদিকে, পাকিস্তানের স্পিকারও বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকারকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

একই দিন দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার অ্যাঞ্জেলা থোকোজিলে (থোকো) ডিডিজা এবং ডেপুটি স্পিকার ড. অ্যানেলি লট্রিয়েটের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, কূটনৈতিক যোগাযোগ বাড়ানো এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এ সময় ডেপুটি স্পিকার বলেন, বাণিজ্য ও বিনিয়োগের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে যোগাযোগের পাশাপাশি ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বাড়ানো প্রয়োজন

একই সঙ্গে ঢাকায় দক্ষিণ আফ্রিকার একটি আবাসিক হাইকমিশন স্থাপনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করার জন্য দেশটির নেতাদের প্রতি অনুরোধ জানান ডেপুটি স্পিকার।

তিনি বলেন, ঢাকায় হাইকমিশন স্থাপিত হলে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ, কনস্যুলার সেবা, বাণিজ্য এবং জনগণের মধ্যে সম্পর্ক আরও সহজ ও শক্তিশালী হবে। বৈঠকে উভয় পক্ষ পার্লামেন্টারি ডিপ্লোমেসির মাধ্যমে সম্পর্ক আরও জোরদার করা এবং নিয়মিত অভিজ্ঞতা বিনিময়ে সম্মত হয়।

এ সময় বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হুমাম কাদের চৌধুরী, সাকিলা ফারজানা, মো. মাহবুবুল আলম এবং জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মো. গোলাম সারওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন।

এস এম/ ১৫ সেপ্টেম্বর ২০২৬

 

Scroll to Top