
কোহাটে পুলিশ লাইনের কাছে বিস্ফোরণের পরবর্তী দৃশ্য
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে পুলিশ লাইন্সের কাছে আত্মঘাতী হামলায় পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন।
দেশটির ‘জিও নিউজ’র এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে।
খাইবার পাখতুনখোয়ার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জুলফিকার হামিদ জানান, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি পুরোনো পুলিশ লাইন্সের ফটকে ধাক্কা দেওয়ার পর বিস্ফোরিত হয়। এ সময় সেখানে গোলাগুলির ঘটনাও ঘটে।
আইজিপি বলেন, সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির সময় স্পেশাল ব্রাঞ্চ ভবনেও আরেকটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে।
পুলিশের কেন্দ্রীয় কার্যালয় (সিপিও) জানিয়েছে, প্রথম বিস্ফোরণের পর সাতজন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে প্রবেশ করে। পুলিশ ও কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) তাদের সঙ্গে গুলিবিনিময়ে জড়ায়। এ সময় ছয় জঙ্গি নিহত হয়। নিহতদের মধ্যে একজন আত্মঘাতী হামলাকারী ও একজন স্নাইপার ছিল।
কোহাট জেলা সদর হাসপাতালের (ডিএইচকিউ) মেডিকেল সুপারিনটেনডেন্ট তাহির আলী শাহ জানান, বিস্ফোরণের পর হাসপাতালে ১৫টি মরদেহ আনা হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৫০ জনের বেশি মানুষকে।
উদ্ধারকর্মীরা জানান, বিস্ফোরণে মসজিদের বাইরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি দেয়াল ধসে পড়েছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।
হামলার পর কোহাট-হাঙ্গু সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আহতদের চিকিৎসায় কোহাটের ডিএইচকিউ হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ঘটনার পর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ বিভিন্ন রাজনৈতিক নেতা হামলার নিন্দা জানিয়েছেন। আহতদের দ্রুত ও সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসীদের কর্মকাণ্ড দেশের মানুষের সংকল্পকে দুর্বল করতে পারবে না।
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি হামলার ঘটনায় পুলিশের কাছে প্রতিবেদন চেয়েছেন এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতিও হামলার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…