পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশি শিক্ষাবিদদের বৈঠক | চ্যানেল আই অনলাইন

পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশি শিক্ষাবিদদের বৈঠক | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশের ১৫ সদস্যের একাডেমিক প্রতিনিধি দল পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের (এইচইসি) সচিবালয় পরিদর্শন করেছে এবং এইচইসি চেয়ারম্যান ড. নিয়াজ আহমদ আখতারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

বৈঠকে চেয়ারম্যান ড. নিয়াজ আহমদ আখতার এবং এইচইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিধি দলকে কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় ২০০২ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে এইচইসিতে রূপান্তর, পাশাপাশি উচ্চশিক্ষায় প্রবেশাধিকার, গুণগত মান ও যুগোপযোগিতার ওপর সংস্থাটির গুরুত্বারোপের বিষয় তুলে ধরা হয়।

ড. নিয়াজ আহমদ আখতার মানবসম্পদ উন্নয়নে এইচইসির বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে জানান, এ পর্যন্ত প্রায় তিন লাখ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। তিনি পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডর’ কর্মসূচির কথাও তুলে ধরেন, যার আওতায় ৫০০টি স্নাতক বৃত্তি দেওয়া হচ্ছে। বর্তমানে ৭৪ জন বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানের বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়ন করছেন এবং পরবর্তী ব্যাচে আরও ২৫০ জন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তিনি বাংলাদেশ ও পাকিস্তানের অভিন্ন ইতিহাসের কথা স্মরণ করে দুই দেশের মধ্যে একাডেমিক সহযোগিতা আরও সম্প্রসারণে এইচইসির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং দেশের একাডেমিক সম্প্রদায়ের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বাংলাদেশি প্রতিনিধি দল এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং এটিকে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করে।

এর আগে প্রতিনিধি দল পাকিস্তানের শিক্ষা ও পেশাগত প্রশিক্ষণবিষয়ক মন্ত্রণালয়, জাতীয় পরিষদ (ন্যাশনাল অ্যাসেম্বলি) এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করে। পাশাপাশি তারা সিন্ধ ও ইসলামাবাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ও ঘুরে দেখেন।

Scroll to Top