মালদ্বীপে ছেলেদের সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। তিন দলের গ্রুপে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশেরও। পরের ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।
বাংলাদেশ প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০তে হারিয়ে টুর্নামেন্টের সেমিতে এক পা দিয়ে রেখেছিল। সমীকরণ ছিল গ্রুপের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে পাকিস্তান হেরে গেলে বিদায় নিশ্চিত হয়ে যাবে এবং বাংলাদেশের সেমিফাইনালও নিশ্চিত হবে। বৃহস্পতিবার টিকে থাকার লড়াইয়ে পাকিস্তান ৩-০ গোলে হেরেছে ভারতের কাছে।
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে সাত দল অংশগ্রহণ করছে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত ও পাকিস্তান। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল সেমি খেলবে। বাংলাদেশ ও ভারতের সেমি নিশ্চিত হলেও গ্রুপ সেরা নির্ধারণ হবে শনিবার এ দুদলের লড়াই শেষে।
‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশকে ভারতের বিপক্ষে জিততেই হবে। কারণ ম্যাচ ড্র হলে দুদলের সমান ৪ পয়েন্ট হবে। গোল ব্যবধানে ভারত এগিয়ে থাকালে গ্রুপ সেরা হবে। ভারত পাকিস্তানকে ৩ গোল দিয়ে এগিয়ে, আর বাংলাদেশ পাকিস্তানকে ২ গোল দিয়েছে।
সেমিতে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ‘এ’ গ্রুপে রানার্সআপের সঙ্গে, আর ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপের সঙ্গে। ‘এ’ গ্রুপ থেকে নেপাল ও শ্রীলঙ্কার সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন পেতে ‘এ’ গ্রুপেরও পরের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে।





