
ঢাকা, ১১ এপ্রিল – বাংলাদেশ ও ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দেশে আরও আট হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছেছে। ভারতের আসামের নুমালীগড় রিফাইনারিজ লিমিটেড থেকে পাঠানো এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর রিসিপ্ট টার্মিনালে গ্রহণ করা হয়।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক কাজী মো. রবিউল আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার রাতে এই বিপুল পরিমাণ ডিজেল গ্রহণের পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়। আগামী ১৭ এপ্রিল একই পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল আনার প্রস্তুতি চলছে বলে তিনি উল্লেখ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি এপ্রিল মাসে মোট চারটি চালানের মাধ্যমে ভারত থেকে ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি আমদানির পরিকল্পনা রয়েছে।
এর আগে বছরের প্রথম তিন মাসে চার দফায় পাইপলাইনের মাধ্যমে ২২ হাজার মেট্রিক টন ডিজেল আনা হয়েছিল। পার্বতীপুরে আসা এই জ্বালানি পদ্মা, মেঘনা ও যমুনা কোম্পানির মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। উত্তরাঞ্চলে নিরবচ্ছিন্নভাবে ডিজেল সরবরাহ নিশ্চিত করতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।
২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরের পর ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ এই ভূগর্ভস্থ পাইপলাইনের নির্মাণকাজ শুরু হয় এবং ২০২৩ সালের ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে জ্বালানি আমদানি কার্যক্রম চালু হয়।
দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, আগামী ১৫ বছর ভারত থেকে বাংলাদেশে ডিজেল সরবরাহ করা হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, এই আধুনিক পাইপলাইনের মাধ্যমে বছরে সর্বোচ্চ ১০ লাখ মেট্রিক টন জ্বালানি আমদানি করা সম্ভব। এর ফলে খুলনা ও চট্টগ্রাম থেকে রেল ওয়াগনে জ্বালানি পরিবহনে আগে যে ছয় থেকে সাত দিন সময় লাগত, তা এখন উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
এনএন/ ১১ এপ্রিল ২০২৬






