নেত্রকোনার আটপাড়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে মারধর ও তার তলপেটে লাথি মারার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় ওই শিক্ষিকাকে অনাগত সন্তানসহ পুড়িয়ে হত্যা এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার তেলীগাতী ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে ৭০-৮০ জন নেতাকর্মী জড়ো হয়ে এ হামলা চালান বলে অভিযোগ করেন ওই শিক্ষিকা। ভুক্তভোগী শিক্ষিকার নাম নিবেদিতা দেব। তিনি ওই উপজেলার কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।
তার অভিযোগ, তেলীগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি পদপ্রার্থী নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন তার ওপর হামলা চালান। এসময় আনোয়ার হোসেন তার তলপেটে লাথি মারেন। অন্যরা তাকে কিলঘুসি মারেন। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষক ও অভিভাবকরা তাকে উদ্ধার করেন।
নিবেদিতা দেব বলেন, ‘তারা অন্য জায়গায় বৈঠকে বসে আমাকে সেখানে যাওয়ার জন্য খবর দেন। কিন্তু কীসের বৈঠক, তা না জানায় তাদের বিদ্যালয়ের অফিসকক্ষে এসে কথা বলতে বলি। এরপরই তারা আমার ওপর হামলা চালান।’
তিনি আরও বলেন, ‘আনোয়ার হোসেন আমার তলপেটে লাথি মেরেছেন। নুরুজ্জামান খান পুতুলসহ আরও পাঁচ-ছয়জন আমাকে মারধর করেছেন। তাদের সঙ্গে ৭০-৮০ জন নেতাকর্মী ছিল। আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। আমার পেটের সন্তানের ক্ষতি হলে আপনারা দায়ী হবেন—এ কথা বলার পর তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। আমাকে ও আমার পেটের সন্তানসহ পুড়িয়ে মারার হুমকি দেন। বাড়িঘরও জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।’
এ ঘটনায় উদ্বেগ ও নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন শিক্ষিকার স্বামী সৌমিত্র মজুমদার। তিনি বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে আনোয়ার হোসেন ও নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। ঘটনার পর তারা দুজন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এসেছেন। ইউএনও লিখিত অভিযোগ দিতে বলেছেন।
অভিযুক্ত বিএনপি নেতা বলছেন, পেটে লাথি মারা বা মারধর করার ঘটনা ঘটেনি, শুধু গালমন্দ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল বলেন, ওই বিদ্যালয়ে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচন করা হয়েছে। তবে সভাপতি নির্বাচন এখনো বাকি। শিক্ষিকার ওপর হামলা ও মারধরের খবর তিনি শুনেছেন। তাকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর বলেন, শিক্ষিকার ওপর হামলার খবর পেয়েছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


