পশ্চিমবঙ্গের আমতলায় অভিষেক ব্যানার্জীর দলীয় কার্যালয় ভেঙে দিল প্রশাসন

পশ্চিমবঙ্গের আমতলায় অভিষেক ব্যানার্জীর দলীয় কার্যালয় ভেঙে দিল প্রশাসন

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার আমতলায় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের লোকসভা সদস্য অভিষেক ব্যানার্জীর দলীয় কার্যালয় ভেঙে দিয়েছে প্রশাসন। ভবন নির্মাণে অনুমোদিত নকশা না থাকার অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কার্যালয়

শনিবার সকালে বুলডোজার দিয়ে কার্যালয়টি ভাঙার কাজ শুরু হয়। এ সময় পুরো এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

জেলা প্রশাসনের দাবি, ভবনটি অনুমোদিত বিল্ডিং প্ল্যান ছাড়াই নির্মাণ করা হয়েছিল। এ বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে গত ৩০ জুন প্রথম এবং ৭ জুলাই দ্বিতীয় দফায় নোটিশ পাঠানো হয়। পাশাপাশি ১৫ জুলাই প্রশাসনের কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল।

তবে প্রশাসনের ভাষ্য অনুযায়ী, কোনো নোটিশেরই জবাব দেওয়া হয়নি এবং নির্ধারিত তারিখে কেউ উপস্থিতও হননি। এরপর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ভবনটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যদিকে, এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলটির অভিযোগ, বিষয়টি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও প্রশাসন তড়িঘড়ি করে বুলডোজার দিয়ে কার্যালয়টি ভেঙে দিয়েছে।

এক বিবৃতিতে তৃণমূল কংগ্রেস এ ঘটনাকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ এবং ‘বুলডোজার রাজনীতি’ হিসেবে উল্লেখ করেছে। দলের দাবি, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর থেকেই বিরোধীদের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে সাম্প্রতিক পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতা হারায় তৃণমূল কংগ্রেস। ২৯৪ সদস্যের বিধানসভায় দলটি ৮০টি আসনে জয় লাভ করে, আর বিজেপি ২০৮টি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করে।

নির্বাচনের পর দলটির ভেতরে ভাঙনেরও খবর পাওয়া যায়। বিরোধীদলীয় নেতা রিতব্রত ব্যানার্জীর নেতৃত্বে কয়েকজন বিধায়ক বিদ্রোহ করেন। পাশাপাশি অন্তত ২০ জন লোকসভা সদস্য এবং কয়েকজন রাজ্যসভার সদস্যও তৃণমূল ছেড়ে অন্য দলে যোগ দেন বলে দাবি করা হয়েছে।

Scroll to Top