পর্তুগালের রাজধানী লিসবন-এ প্রবাসী বাংলাদেশি মুসলিম কমিউনিটির উদ্যোগে দারুল উলুম মুরারিয়া মাদ্রাসার ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নতুন সেশন ঘিরে অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
এ উপলক্ষে গতকাল ২৯ মার্চ (রোববার) বায়তুল মুকাররম জামে মসজিদে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যাপক মুফতি মো. আবু সাঈদ।
সভায় উপস্থিত আলেমরা মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে দ্বীনি শিক্ষার বিকল্প নেই। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ প্রবাসী শিশু-কিশোরদের সঠিক ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের নিয়মিতভাবে মাদ্রাসায় পাঠানোর আহ্বান জানানো হয়।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, সোমবার থেকে নিয়মিত ক্লাস শুরু হয়েছে। সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস চলবে এবং শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। স্কুল ছুটির সময় সকাল ১১টা ৩০ মিনিট থেকে যোহর নামাজ পর্যন্ত এবং স্কুল চলাকালীন সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত ক্লাস পরিচালিত হবে। ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ২০ ইউরো এবং মাসিক ফি ৩০ ইউরো। নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে জানানো হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ আগ্রহী অভিভাবকদের দ্রুত যোগাযোগ করে সন্তানদের ভর্তি নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে। প্রবাসে ইসলামী শিক্ষার প্রসারে এ উদ্যোগকে লিসবনের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন মহল ইতিবাচকভাবে গ্রহণ করেছে।



