পরিস্থিতি যেমনই হোক গোল করতে পারব: হ্যারি কেন | চ্যানেল আই অনলাইন

পরিস্থিতি যেমনই হোক গোল করতে পারব: হ্যারি কেন | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপে নকআউটের প্রথম ম্যাচে দুর্দান্ত খেলেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। দুই গোলে ম্যাচে পিছিয়ে থেকেও শেষপর্যন্ত তার দুই গোলে জয়ে সেরা ষোলোয় উঠেছে থ্রি লায়ন্স দল। দুই গোলের আত্মবিশ্বাসে আরও গোল করার কথা জানালেন তিনি।

৮৬তম মিনিটে করা দুর্দান্ত গোলটি ২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ৭২টি গোলের মাইলফলকে পৌঁছে দিয়েছে কেনকে। এটি ২০১১-১২ মৌসুমে লিওনেল মেসির করা ৮২টি গোলের রেকর্ডের পর দ্বিতীয় সর্বোচ্চ।

হ্যারি কেন বললেন, ‘এই মৌসুমে এখন পর্যন্ত ৭২টি গোল করেছি। আশা করি আরও কিছু গোল যোগ হবে যা আমার ক্যারিয়ারের আগের যেকোনো মৌসুমের চেয়ে প্রায় ২০টি বেশি। অথচ এর আগেও বেশ ভালো কিছু মৌসুম কাটিয়েছি।’

‘অতীতে অনেক ভালো মুহূর্তের সাক্ষী হয়েছি ঠিকই। তবে সামগ্রিক বিচারে এখন মাঠে নামার সময় নিজেকে যতটা ভালো অনুভব করছি, তা আগে কখনও করিনি।’

গোল করার ক্ষুধা নিয়ে কেন জানালেন, ‘পরিস্থিতি যেমনই হোক বা যেমন সুযোগই পাই না কেন, মনে হয় গোল করতে পারব। আমার মনে হয় সঠিক সময়ে সবকিছু যেন একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে।’

‘বড় কোন টুর্নামেন্টে ভালো করার জন্য কিছুটা ভাগ্যের সহায়তাও প্রয়োজন। পাশাপাশি কাঙ্ক্ষিত শারীরিক ফিটনেস ধরে রাখাটা জরুরি। অথচ কঠিন সব মৌসুম বা ব্যস্ত সূচির ধকল কাটিয়ে ওঠার পর সবসময় সেটা সহজ হয় না। সেদিক থেকে বিচার করলে এই বছরটা বেশ ভালোই কেটেছে।’ যোগ করেন কেন।

Scroll to Top