পঞ্চগড় সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, শূন্যরেখায় ১০ জন | চ্যানেল আই অনলাইন

পঞ্চগড় সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, শূন্যরেখায় ১০ জন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি প্রধানপাড়া সীমান্তে ১০ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার (৫ জুন) ভোর রাতে নীলফামারী ব্যাটালিয়নের ৫৬ বিজিবির বড়বাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, সীমান্ত পিলার ৭৫৮/৫-এর কাছাকাছি ভারতের প্রধানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, বিএসএফের ৯৩ টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের গেট খুলে ১০ জন নারী ও পুরুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবির টহল দল বাধা দিলে বিএসএফ সদস্যরা তাদের নিয়ে ভারতের অভ্যন্তরে সরে যায়।

বর্তমানে ওই ১০ জন ব্যক্তি ভারতের সীমান্ত এলাকায়, শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ দূরে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তের উভয় পাশে বিজিবি ও বিএসএফ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

ঘটনা নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলছে।

Scroll to Top