ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান মেলিতা মেহজাবিন, সরে দাঁড়ালেন আব্দুল আউয়াল মিন্টু – DesheBideshe

ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান মেলিতা মেহজাবিন, সরে দাঁড়ালেন আব্দুল আউয়াল মিন্টু – DesheBideshe

ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান মেলিতা মেহজাবিন, সরে দাঁড়ালেন আব্দুল আউয়াল মিন্টু – DesheBideshe

ঢাকা, ২ মার্চ – ন্যাশনাল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মেলিতা মেহজাবিন। ব্যাংকের সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু পদ থেকে সরে দাঁড়ানোয় তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

ব্যাংকটির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৫৩৯তম সভায় মেলিতা মেহজাবিনকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।

এর আগে তিনি ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ব্যাংক কোম্পানি আইন ও বিধি অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্যরা কোনো ব্যাংকের চেয়ারম্যান পদে থাকতে পারেন না। এই বিধিনিষেধের কারণে আব্দুল আউয়াল মিন্টু পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

প্রতিবেদনে তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী এবং ফেনী ৩ আসনের সংসদ সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। তার পদত্যাগের পরই মেলিতা মেহজাবিনকে পর্ষদের সভায় নতুন চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হয়।

মেলিতা মেহজাবিন বর্তমানে গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এবং ইউনিলিভার কনজিউমার কেয়ার বাংলাদেশের স্বতন্ত্র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শিক্ষাগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ২০০৯ সালে সেখানে প্রভাষক হিসেবে যোগ দেন। কমনওয়েলথ স্কলার হিসেবে তিনি যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অ্যালায়েন্স ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে পিএইচডি সম্পন্ন করেন। এছাড়া তিনি ইউনিভার্সিটি অব কলম্বো থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষকতা পেশায় যোগ দেওয়ার আগে তিনি প্রায় পাঁচ বছর করপোরেট খাতে কাজ করেছেন, যার মধ্যে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এবং সিটি ব্যাংক এনএ তে দায়িত্ব পালন অন্যতম।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে বিভিন্ন অনিয়মের অভিযোগে বাংলাদেশ ব্যাংক তৃতীয়বারের মতো ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করেছিল। সেই পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যুক্ত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, মোয়াজ্জেম হোসেন ও জাকারিয়া তাহের। এর আগে শেখ হাসিনা সরকারের সময় এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণের সুদ মওকুফ ও ঋণ পুনর্গঠন নিয়ে ব্যাংকটি আলোচনায় ছিল।

এনএন/ ২ মার্চ ২০২৬



Scroll to Top