নোয়াখালীর হাতিয়ায় বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি – DesheBideshe

নোয়াখালীর হাতিয়ায় বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি – DesheBideshe

নোয়াখালীর হাতিয়ায় বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি – DesheBideshe

নোয়াখালী, ১২ ফেব্রুয়ারি – নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় সংবাদ সংগ্রহের সময় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক মিরাজ উদ্দিনের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে তিনি এই হামলার শিকার হন।

দুর্বৃত্তরা তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে এবং এসময় তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক সাকিবও হামলার শিকার হয়ে আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায় সাংবাদিক মিরাজ উদ্দিন সংবাদ সংগ্রহের কাজে গামছাখালী এলাকায় গেলে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর চড়াও হয়। হামলাকারীরা দেশীয় অস্ত্র ও রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সাংবাদিক মিরাজ ও তার চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে জানিয়েছেন হামলাকারীরা চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ ওরফে পিচ্চি আজাদের অনুসারী হিসেবে পরিচিত। উল্লেখ্য আবদুল হালিম আজাদ বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীমের অনুসারী বলে এলাকায় পরিচিতি রয়েছে।

এই অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আজাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানিয়েছেন যে ঘটনার বিষয়ে পুলিশ অবগত হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও নিশ্চিত করেন যে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top