নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় পাঁচ শতাধিক বিদেশি পর্যটক নিখোঁজ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নেপালে ভূমিধস ও আকস্মিক বন্যায় শত শত মানুষ নিখোঁজ হয়েছেন, যাদের মধ্যে পাঁচ শতাধিক জন বিদেশি পর্যটক রয়েছেন।

নেপালি পুলিশের নিশ্চিত করা সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজ পর্যটকের সংখ্যা এখন ৫৭৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ পর্যটকদের মধ্যে ৪৬৬ জন ২৮টি ভিন্ন দেশের বিদেশি নাগরিক।

তারা বলছে, নিখোঁজ পর্যটকদের মধ্যে ১১৩ জন নেপালি, ৫৪ জন মার্কিন নাগরিক এবং নিখোঁজ ব্রিটিশ নাগরিকের সংখ্যা ৩৩ জন।

নেপাল পর্যটন বোর্ডের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ভারতের ১৩৩ জন রয়েছেন।

ট্যুর অপারেটরদের তথ্য উদ্ধৃত করে পর্যটন বোর্ড বলছে, অধিকাংশ যাত্রী ভারত ও নেপালের সীমান্তের কাছাকাছি অবস্থিত মানসারোভরের পথে ছিলেন।

এদিকে, স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত নেপালে আকস্মিক বন্যায় ১০০ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির পুলিশ জানিয়েছে।

এদের মধ্যে রসুয়ায় একজন, নুয়াকোটে ১১ জন, ধাদিঙে ১৮ জন, চিতওয়ানে ৩৩ জন, গোর্খায় ১৯ জন, তানাহুনে সাতজন এবং নওয়ালপুরে ১১ জন রয়েছেন।

উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম চলছে বলে নেপাল পুলিশ জানিয়েছে।

বুধবার ভোরের দিকে নেপালের রাজধানী কাঠমাণ্ডুর উত্তরে অবস্থিত রসুয়া জেলায় এ বন্যা আঘাত হানে। নেপালের কর্তৃপক্ষ প্রাথমিক তথ্যের বরাত দিয়ে জানিয়েছিল, নেপালে একটি ভূমিকম্প আঘাত হানার পর তা ভূমিধস সৃষ্টি করে এবং তার ফলে আকস্মিক বন্যা দেখা দেয়।

স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে রসুয়া এলাকায় ভূমিকম্প আঘাত হানে বলে প্রাথমিক তথ্যের বরাতে পার্লামেন্টকে জানান নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল।

তিনি জানান, ভূমিকম্পের পর তুষারধস শুরু হয় এবং এর ফলে আকস্মিক বন্যা দেখা দেয়।

তবে পরে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বিশ্লেষণে দেখা যাচ্ছে যে নেপালের আকস্মিক বন্যার আগে একটি ভূমিধস হয়েছিল এবং সেখানে কোনো ভূমিকম্প ঘটেনি।

সংস্থাটি বলেছে, প্রাথমিকভাবে এই ঘটনাকে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প হিসেবে রিপোর্ট করা হয়েছিল।

অতিরিক্ত বিশ্লেষণে দেখা গেছে, এই শক্তির উৎস আসলে একটি ভূমিধস ছিল।

প্রাথমিক হিসাব অনুযায়ী, বন্যায় ১৫ বিলিয়ন বা ১৫০০ কোটি নেপালি রুপির (৯৮.৩৩ মিলিয়ন ডলার) বেশি মূল্যের সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে একজন সরকারি কর্মকর্তা বিবিসি নেপালিকে জানিয়েছেন।

দেশটিতে ১৯টি সেতু এবং ৪০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার খভর পাওয়া গেছে।

Scroll to Top