নেত্রকোনা সদর উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিমপাড়া) গ্রামে নিজ বাড়িতে মাহফুল মিয়া ওরফে মাসুল নামে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।
রোববার (২৬ জুলাই) ভোরে নিজ বসতঘর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি মৃত ইয়াকুব আলীর ছেলে এবং দুআনী দুধকুড়া গ্রামের বাসিন্দা।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল খায়ের জানান, শনিবার রাত আনুমানিক ১২টার দিকে মাহফুল রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান। ভোর আনুমানিক ৫টার দিকে তার মা ঘুম থেকে উঠে ছেলের কক্ষের দরজা খোলা দেখতে পান। পরে টর্চের আলো জ্বালিয়ে তিনি মাহফুলকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিবেশীর সাথে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।


