
ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা এইচআরএসএস। সংস্থাটি জানিয়েছে যে নির্বাচনের পরিবেশ বিগত সময়ের চেয়ে সুষ্ঠু ও উৎসবমুখর হলেও পরবর্তী দুই দিনে দেশের অন্তত ৩০টি জেলায় দুই শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিন শতাধিক মানুষ।
রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থাটি।
সংবাদ সম্মেলনে সংস্থার নির্বাহী পরিচালক এজাজুল ইসলাম জানান নির্বাচন পরবর্তী ৪৮ ঘণ্টায় ৩০টি জেলায় সংঘাতের ঘটনা ঘটে। এর মধ্যে মুন্সিগঞ্জ ও বাগেরহাটে দুই যুবক এবং ময়মনসিংহে একটি শিশু নিহত হয়েছে। এছাড়া নোয়াখালী জেলায় একটি ধর্ষণের অভিযোগও পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।
এইচআরএসএস তাদের পর্যবেক্ষণে জানায় নির্বাচন মূলত সুষ্ঠু ও সহিংসতামুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে ভোট গণনার সময় নির্বাচনী কর্মকর্তা এবং কিছু ক্ষেত্রে প্রার্থীর সমর্থকদের বাধার কারণে তাদের অন্তত ৪৮ জন পর্যবেক্ষক ভোট গণনা কক্ষে প্রবেশ করতে পারেননি বা বাধার সম্মুখীন হয়েছেন।
সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয় যে এসব সহিংসতার সঙ্গে বিএনপি জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী এবং সমর্থকরা জড়িত রয়েছে। নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতায় ৩৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান অফিস ও বসতবাড়িতে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংস্থাটি।
এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬





