নির্বাচন পরবর্তী সহিংসতায় মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত – DesheBideshe

নির্বাচন পরবর্তী সহিংসতায় মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত – DesheBideshe

নির্বাচন পরবর্তী সহিংসতায় মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত – DesheBideshe

মুন্সীগঞ্জ, ১৪ ফেব্রুয়ারি – মুন্সীগঞ্জের সদর উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় মো. জসিম নায়েব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লা গ্রামে এই সহিংসতার ঘটনা ঘটে।

নিহত জসিম নায়েব ওই এলাকার মাফিক নায়েবের ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসা পরিচালনার দায়িত্বে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম নায়েব স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন। শুক্রবার দুপুরে ধানের শীষ প্রতীকের সমর্থকেরা ফুটবল প্রতীকের সমর্থক জসিম নায়েবের বাড়িতে গিয়ে তাকে গালিগালাজ করেন। একপর্যায়ে তারা তাকে বেধড়ক মারধর করে, যার ফলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই মো. মশিউর রহমান বলেন, ডা. নাসিরের ছেলে সাকিবের নেতৃত্বে প্রায় দুই শতাধিক ধানের শীষ সমর্থক তাদের বাড়িতে এসে তার ভাইকে গালিগালাজ করেন। এক পর্যায়ে তারা তাকে বেধড়ক মারধর করেন। হামলার পর তার অবস্থা খারাপ হলে দ্রুত ঢাকায় নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

মুন্সীগঞ্জ সদর সার্কেলের (সদর-গজারিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে আমরা জানি এবং তা খতিয়ে দেখা হচ্ছে।

এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top