নির্বাচনের ছুটিতে বাড়ি ফেরার ঢল, টঙ্গীতে পরিবহন সংকটে যাত্রীদের ভোগান্তি – DesheBideshe

নির্বাচনের ছুটিতে বাড়ি ফেরার ঢল, টঙ্গীতে পরিবহন সংকটে যাত্রীদের ভোগান্তি – DesheBideshe

নির্বাচনের ছুটিতে বাড়ি ফেরার ঢল, টঙ্গীতে পরিবহন সংকটে যাত্রীদের ভোগান্তি – DesheBideshe

টঙ্গী, ১০ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি পেয়ে রাজধানী ও এর আশপাশের এলাকা ছেড়ে গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেছেন সাধারণ ভোটাররা।

ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর উদ্দেশ্যে নাড়ির টানে বাড়ি ছুটছেন হাজারো মানুষ। এর ফলে টঙ্গী এলাকায় যাত্রীবাহী বাসের তীব্র সংকট তৈরি হয়েছে। যানবাহনের এই স্বল্পতার সুযোগে কিছু অসাধু পরিবহন মালিক ও চালক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বাস না পেয়ে নিরুপায় হয়ে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে চড়ে গন্তব্যে রওনা হচ্ছেন। সরেজমিনে দেখা যায়, নির্বাচনকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় ঢাকা ও ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার বাসের চরম সংকট দেখা দিয়েছে। একই চিত্র রেলপথেও লক্ষ্য করা গেছে।

টঙ্গী রেলওয়ে জংশনে ট্রেনের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও কাঙ্ক্ষিত বাহন পাচ্ছেন না যাত্রীরা। বাস ও ট্রেনের অভাবে বিকল্প ও ঝুঁকিপূর্ণ উপায়ে যাত্রা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা। টঙ্গী স্টেশন রোড, টঙ্গী বাজার, মিলগেট, চেরাগ আলী, কলেজগেট ও গাজীপুরা এলাকার প্রতিটি বাসস্ট্যান্ডে যাত্রীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। স্থানীয় বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণার পর শ্রমিকরা একযোগে বাড়ির পথে রওনা হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাদেক আলী নামের এক পোশাককর্মী জানান, তিনি সকাল থেকে টঙ্গী স্টেশন রোডে বাসের জন্য অপেক্ষা করেও ব্যর্থ হয়েছেন। সাধারণত ময়মনসিংহ যেতে ২০০ টাকা ভাড়া লাগলেও এখন ৫০০ টাকা চাওয়া হচ্ছে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে পিকআপ ভ্যানে ৪০০ টাকা ভাড়ায় বাড়ির পথ ধরেছেন তিনি।

রেলপথেও যাত্রীদের ভোগান্তির অন্ত নেই। জামালপুরগামী যাত্রী আল-আমিন ও বিলকিস জানান, ভোর থেকে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের অপেক্ষায় থাকলেও দুপুর পর্যন্ত ট্রেনে উঠতে পারেননি তারা। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক জহির মজুমদার জানান, নির্বাচনের কারণে রাতে অধিকাংশ দূরপাল্লার বাস দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ায় এবং সেগুলো সময়মতো ফিরে না আসায় বাসের সাময়িক সংকট তৈরি হয়েছে। ফলে যাত্রীরা বাধ্য হয়ে বিকল্প যানবাহনে যাতায়াত করছেন।

এস এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top