নিউজিল্যান্ডকে হারিয়ে সেমির দৌঁড়ে পাকিস্তানের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড | চ্যানেল আই অনলাইন

নিউজিল্যান্ডকে হারিয়ে সেমির দৌঁড়ে পাকিস্তানের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড | চ্যানেল আই অনলাইন

টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আগেই দুম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ইংল্যান্ড। এই পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ চার উইকেটে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান নিজেদের করে নিয়েছে তারা। ইংলিশদের এই জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠার স্বপ্ন এখনও বেঁচে রইল পাকিস্তানের। নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে পাকিস্তানের। সেই সঙ্গে মিলাতে হবে রানরেটের সমীকরণও।

গ্রুপ-২এ ৩ ম্যাচের সবটিতে জিতে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপচ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নিউজিল্যান্ড। এদিকে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান পাকিস্তানের। আর কোনো পয়েন্ট অর্জন করতে না পারা শ্রীলঙ্কা তলানিতে রয়েছে। এই গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় ম্যাচটি শ্রীলঙ্কার জন্য নিয়মরক্ষার হলেও পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ।

শ্রীলঙ্কাকে হারাতে পারলে পাকিস্তানের পয়েন্ট হবে তিন, যা নিউজিল্যান্ডের সমান। সেমিতে উঠতে হলে সালমান আলি আঘাদের নেট রানে এগিয়ে থাকতে হবে। যদিও নিউজিল্যান্ড রানরেটে পাকিস্তানের চেয়ে বেশ এগিয়ে, তাতে লঙ্কানদের বড় ব্যবধানে হারানো ছাড়া পথ খোলা নেই বাবর আজম ও ফখর জামানদের।

শুক্রবার কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৫৯ রান করে নিউজিল্যান্ড। জবাবে নেমে ৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

কিউই ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৯ রান করেন গ্লেন ফিলিপস, ২৮ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ১ ছক্কার মার। ৩ চার ও ২ ছক্কায় ২৫ বলে ৩৫ রান করেন টিম সেইফার্ট। ১৯ বলে ২৯ রান করেন ফিন অ্যালেন। এছাড়া মার্ক চ্যাপম্যান ১৫ এবং কোল ম্যাককনি ১৪ রান করেন।

আদিল রশিদ, উইল জ্যাকস ও রেহান আহমেদ দুটি করে উইকেট নেন। এছাড়া লিয়াম ডাউসন নেন এক উইকেট।

জবাবে নেমে ইংলিশ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৪ বলে ৩৩ রান করেন টম ব্যান্টন। ১৮ বলে ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেন উইল জ্যাকস। ২৪ বলে ২৬ রান করেন হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল ১৬ বলে ২১ রান করেন। এছাড়া রেহান আহমেদ ৭ বলে ১৯ রান করেন।

কিউই বোলারদের মধ্যে রাচিন রবীন্দ্র ৩ উইকেট নেন। ম্যাট হেনরি, লোকি ফার্গুসন ও গ্লেন ফিলিপস নেন একটি করে উইকেট।

Scroll to Top