নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে তিন ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের প্রথমটি সাত উইকেটে জিতে এগিয়ে ছিল বাংলাদেশ এ দল। দ্বিতীয় ম্যাচেও ৮৭ রানের বড় ব্যবধানে জিতেছে নুরুল হাসান সোহানের দল। এ জয়ে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে টিম টাইগার্স।

সিলেটে টসে হেরে আগে ব্যাট করা বাংলাদেশ মাহিদুল ইসলাম অঙ্কন ও সোহানের সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ৩৪৪ রানের বড় লক্ষ্য দেয় সফরকারীদের। জবাব দিতে নেমে ৪৩.১ ওভারে ২৫৭ রানে অলআউট হয় কিউইরা। ৮৭ রানে জিতে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।

দিনের শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের, ৮ রান করে সাজঘরে ফেরেন ওপেনার পারভেজ হোসেন ইমন। দলের হাল ধরেন এনামুল হক বিজয় এবং নাঈম শেখ। নাঈম ব্যক্তিগত ৪০ রানে ফিরে গেলে ৩৯ রান করা বিজয় সতীর্থের দেখানো একই পথ ধরেন।

এরপর দলকে টানতে থাকেন সোহান এবং অঙ্কন, সাবলীল ব্যাটিংয়ে বাড়তে থাকে বাংলাদেশের পুঁজিও। এ দুই ব্যাটার তুলে নেন সেঞ্চুরি। সোহান শতক হাঁকিয়ে ১১২ রানে ফিরলে ভেঙে যায় ২২৫ রানের জুটি। ইনিংসের শেষ ওভারে ১০৫ রানে বিদায় নেন অঙ্কন। কিউইদের ক্রিস্টিয়ান ক্লার্ক নেন ২ উইকেট।

জবাব দিতে নেমে বাংলাদেশের বোলিংয়ের সামনে কিউইদের ব্যাটাররা দাঁড়াতে পারেনি। ইনিংস সর্বোচ্চ ৭৯ করেন ওপেনার ডেল ফিলিপস। ৩৯ করে অপরাজিত থাকেন ক্রিস্টিয়ান ক্লার্ক। ৩৮ রান করেন মিচেল হেই।

বাংলাদেশের পাঁচ বোলার সব উইকেট ভাগ করে নেন। মোসাদ্দেক হোসেন নেন ৩ উইকেটে। এছাড়া শরিফুল ইসলাম, তানভীর ইসলাম ও শামিম হোসেন ২টি করে উইকেট নেন। একটি উইকেট নেন রেজাউর রহমান রাজা।

Scroll to Top