
ঝালকাঠি, ৯ ফেব্রুয়ারি – নাহিদ ইসলামের নির্বাচনি জনসভায় শহীদ শরিফ ওসমান হাদির বোন পরিচয় দিয়ে এক নারীর বক্তব্য প্রদানকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তির অবসান ঘটিয়েছেন ডা. মাহমুদা মিতু। তিনি নিশ্চিত করেছেন যে, জনসভায় বক্তব্য রাখা ওই নারী আসলে শহীদ হাদির আপন ফুফাতো বোন। তার নাম শবনম খাদিজা এবং তিনি হাদির বাবার আপন ছোট বোন হাসিনা বেগমের কন্যা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে মাহমুদা মিতু জানান, হাদির বোন পরিচয় দিয়ে কোনো অপরিচিত ব্যক্তিকে দিয়ে বক্তব্য দেওয়ানো হয়েছে বলে যে সংবাদ গণমাধ্যমে প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর। তিনি শবনম খাদিজার পারিবারিক পরিচয় স্পষ্ট করে জানান, তার বাবার নাম মাওলানা আব্দুর রশিদ ও মা হাসিনা বেগম। তার নানার নাম শফিজ উদ্দিন মুন্সী। শরিফ ওসমান বিন হাদির বাবা মরহুম শরিফ আব্দুল হাদি সম্পর্কে শবনম খাদিজার আপন মামা হন। তাদের গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার মধ্য কামবেতপুর।
ডা. মিতু আরও উল্লেখ করেন, জনসভাস্থলের কাছেই শবনম খাদিজার বাসা হওয়ায় তিনি ওসমান হাদির বিচারের দাবিতে কিছু কথা বলার আগ্রহ প্রকাশ করেছিলেন। তারই প্রেক্ষিতে তাকে ওই মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়।
এস এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬





